মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) ৮৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক্স-মেন ও স্টার ট্রেক খ্যাত এই তারকা।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে। সেখানে জানানো হয়, আলঝেইমারস রোগ ও লুই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াই করছিলেন প্যাট্রিক। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল।
বিবৃতিতে আরও জানানো হয়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ভালোবাসায় জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্ত ও সহকর্মীরা।
প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময় ছিল। তবে বিশ্বজুড়ে দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান স্টার ট্রেক সিরিজে ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড এবং এক্স-মেন সিনেমায় প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
১৯৮৭ সালে শুরু হওয়া স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন সিরিজে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সিরিজটি ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত হয়। পরবর্তী সময়ে স্টার ট্রেকের একাধিক সিনেমা ও স্টার ট্রেক; পিকার্ড সিরিজেও একই চরিত্রে অভিনয় করেন তিনি।
অন্যদিকে, ২০০০ সালে মুক্তি পাওয়া এক্স-মেন সিনেমায় প্রফেসর এক্স চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন প্যাট্রিক। পরবর্তী সময়ে সিরিজটির একাধিক সিনেমায় তাকে এই চরিত্রে দেখা গেছে।
১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। মাত্র ১২ বছর বয়সে স্কুলের এক শিক্ষকের মাধ্যমে শেক্সপিয়ারের নাটকের সঙ্গে তার পরিচয় হয়।
১৮ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেন প্যাট্রিক। ষাটের দশকে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির সদস্য হিসেবে মঞ্চনাটকে কাজ শুরু করেন। দীর্ঘ ১৪ বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
শেক্সপিয়ারের বিভিন্ন নাটকে অভিনয় করে মঞ্চাভিনেতা হিসেবেও সুনাম অর্জন করেন। পরে টেলিভিশন ও সিনেমায় কাজ শুরু করেন। তবে ৪৭ বছর বয়সে স্টার ট্রেক সিরিজে অভিনয়ের সুযোগ পাওয়ার পর তার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়।
অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২০১০ সালে তৎকালীন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পান প্যাট্রিক স্টুয়ার্ট। এর পর থেকে তার নামের আগে স্যার যুক্ত হয়।
মঞ্চনাটকে অভিনয়ের জন্য তিনটি অলিভিয়ের পুরস্কারও পেয়েছেন তিনি। এ ছাড়া ১৯৯৬ সালে পিটার অ্যান্ড দ্য উলফ অডিও রেকর্ডিংয়ের জন্য গ্র্যামি পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেন এই অভিনেতা। ২০১৩ সালে সংগীতশিল্পী সানি ওজেলকে বিয়ে করেন তিনি। তার মৃত্যুতে বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।
