logo

প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন নিলয় 

প্রিয় পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন নিলয় 

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার। কাজের পাশাপাশি একজন পশুপ্রেমীও নিলয় আলমগীর। কুকুর, বিড়ালের প্রতি রয়েছে তার ভীষণ ভালোবাসা।

পর্দার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসাতে বা আবেগপ্রবণ করতে বেশ পটু। কিন্তু এবার বাস্তবে এক গভীর শোক আর শূন্যতা ঘিরে ধরেছে এই অভিনেতাকে। নিজের প্রিয় পোষ্য, শুটিং সেটের নিয়মিত সঙ্গী ‘লালু’কে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে লালুকে জড়িয়ে ধরে রাখা একটি আবেগঘন ছবি পোস্ট করে এই দুঃসংবাদ জানান নিলয়। তার সেই পোস্ট এবং নেটিজেনদের মন্তব্য থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে।

নিলয় আলমগীরের পোস্ট থেকে জানা যায়, লালু নামের ওই কুকুরটি অভিনেতার অত্যন্ত আদরের ছিল। মৃত্যুর আগে সেটি নিলয়ের কাছেই এসেছিল। নিলয় আক্ষেপ করে লেখেন, লালু চলে গেলো। মৃত্যুর আগে আমার কাছে এসেছিল। হয়তো ভেবেছিল আমি সাহায্য করতে পারবো, আমি বাঁচাতে পারব। কিন্তু আমি পারি নাই। 

তিনি আরও বর্ণনা করেন, তার হাতের ওপর কুকুরটি নীল রঙের পানির মতো বমি করে নিস্তেজ হয়ে পড়ে। কী কারণে হুট করে এমনটা হলো, তা বুঝতে না পারার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। স্মৃতিচারণ করে নিলয় লেখেন, পুবাইল যখন শুটিং করতে যাই, লালুসহ অন‍্যরা কি যে খুশি হতো। সারাক্ষণ আশপাশে ঘুরঘুর করত। শুধু খাবারের জন‍্য না। কাছে থাকলেই খুশি। লালু আর কখনও আসবে না। শুটিং চলাকালীন ফ্রেমে ঢুকে শুটিং নষ্ট করবে না। বিদায় লালু…।