logo

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা শামস সুমন

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা শামস সুমন

প্রিয় শহর রাজশাহীর মাটিতেই চিরনিদ্রায় শায়িত হচ্ছেন একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তার তৃতীয় জানাজা শেষে হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করা হবে।

এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তার মরদেহ রাজশাহীতে আনা হয়।
পরিবারের সদস্যরা দেশে ফেরার পর আজ দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।  

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী।

একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু সম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে দেখা যায়নি।

একসময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো- মন জানে না মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

২০০৮ সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।