logo
Advertisement

ঝাঁপ দেওয়ার আগে দুইবার ভাবো: স্পর্শিয়া

এশিয়া পোস্ট বিনোদন
ঝাঁপ দেওয়ার আগে দুইবার ভাবো: স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্ত নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কখনও ভ্রমণের ছবি, কখনও শিল্প-সংস্কৃতির অভিজ্ঞতা, আবার কখনও নিজের ভাবনা সবকিছুতেই যেন ধরা পড়ে তার নিজস্ব জীবনবোধ।

Advertisement

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্পর্শিয়া। নিউইয়র্কে থাকা পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সেখানকার নানা অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে সোফায় বসে হাসিমুখে দেখা যায় তাকে। পরনে ছিল লাল টপ ও বাদামি প্যান্ট। ছবিটির সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের একটি বিশেষ ভাবনাও।

স্পর্শিয়া লিখেছেন, ‘তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দুবার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।’

তার এই কথায় যেন ধরা পড়েছে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে জীবনকে দেখার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি। আমাদের চেনা প্রবাদ, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ যেখানে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হওয়ার কথা বলা হয়, স্পর্শিয়ার ভাবনা সেখানে অনেকটাই উল্টো। তার কাছে হয়তো জীবনের অনিশ্চয়তা, ঝুঁকি আর নতুন অভিজ্ঞতাই পথচলার রোমাঞ্চ।

নিউইয়র্কে সময় কাটানোর পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা অভিজ্ঞতাও নিচ্ছেন স্পর্শিয়া। কিছুদিন আগে সেখানে একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখেন তিনি। এরপর ঘুরে দেখেছেন নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং উপভোগ করেছেন মার্থা গ্রাহামের এক্সিবিশন।

ভ্রমণ, সিনেমা ও শিল্পের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নিজের সময়টাকে উপভোগ করছেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই অভিজ্ঞতার ঝলকও পাচ্ছেন অনুসারীরা।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। বর্তমানে তাকে দেখা যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।