পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমে মজেছিলেন ভারতের যেসব তারকা

রাজনৈতিক দূরত্বের কারণে বর্তমানে ভারত ও পাকিস্তানের বিনোদনজগতে নিষেধাজ্ঞা থাকলেও অতীতে এই দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। সেসময় দুই দেশের বিনোদন অঙ্গন ও ক্রীড়া অঙ্গনকে ঘিরে বহু গুঞ্জন ও চর্চা শোনা গেছে। এমনকি বিভিন্ন সময়ে পাকিস্তানের ক্রিকেটতারকা ও ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবরও বেশ আলোচিত হয়েছিল।
সত্তরের দশকে বলিউডের খ্যাতিমান অভিনেত্রী জিনাত আমান এবং পাকিস্তানের তৎকালীন তারকা ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রেমের সম্পর্ক নিয়ে একসময় বিনোদন দুনিয়ায় বেশ চর্চা হয়েছিল। তবে নানা চড়াই-উতরাই পেরিয়ে তাদের সেই প্রেমের গল্প সুখের সমাপ্তি দেখেনি। পরবর্তী সময়ে নিজ নিজ জীবনে এগিয়ে যান এ যুগল।
ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেন
২০০৮ সালে প্রেমের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এক অনুষ্ঠানে পরিচয়ের পর প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেমের বাঁধনে আটকা পড়েন তারা। যদিও তাদের কেউই কখনো সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
সানিয়া মির্জা ও শোয়েব মালিক
সীমান্ত পেরিয়ে ভারত ও পাকিস্তানের সম্পর্কের সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে উঠেছিল সানিয়া মির্জা ও শোয়েব মালিকের জুটি। ২০১০ সালে হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কেও ফাটল ধরে। ২০২৪ সালে জানা যায়, অনেক আগেই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে।
আয়েশা টাকিয়া ও শহীদ আফ্রিদি
একসময় গুঞ্জন উঠেছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া এবং পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। অনেক প্রতিবেদনে এ নিয়ে দাবি করা হলেও নির্ভরযোগ্য প্রমাণ না পাওয়ায় এটি কেবল গুঞ্জন হিসেবেই ধরা হয়।
শোয়েব আখতার ও সোনালি বেন্দ্রে
বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের প্রতি নিজের ভালো লাগার কথা লুকাননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। অভিনেত্রীকে অত্যন্ত পছন্দের কথা তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন। তবে সোনালীর কাছ থেকে কখনোই এ বিষয়ে কোনো সাড়া মেলেনি, তাই এটি সম্পূর্ণ একতরফাই ছিল।
সূত্র: সিয়াসাত ডটকম

