শারীরিক পরিবর্তনের কারণ জানালেন ক্যাটরিনা

সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই মায়েদের শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা যায়। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও তার ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের পর নিজের শারীরিক পরিবর্তন ও জীবনের নতুন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, সন্তান জন্মদানের পর তার ওজন এবং শারীরিক গঠনে বেশ পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তন নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন। এই অভিনেত্রীর মতে, একজন নারীর জীবনে মাতৃত্ব এক অনন্য সফর, আর সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পর শরীরে পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।
তিনি জানান, সন্তান জন্মের পর তার ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়েছে। ত্বকের ধরন ও প্রয়োজন অনেকটাই বদলে গেছে। এই সময়ে বডি শেমিং বা রূপচর্চা নিয়ে অযথা দুশ্চিন্তা না করে নিজের শরীরের যত্ন নেওয়া এবং সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ক্যাটরিনা জানিয়েছেন, এখন তিনি ত্বকের জন্য কোনো নির্দিষ্ট রুটিন কঠোরভাবে অনুসরণ করেন না। পরিস্থিতি অনুযায়ী সৌন্দর্য বদলে যাবে এটাই প্রকৃতির নিয়ম, সেটি বুঝেই রুটিনে পরিবর্তন আনেন তিনি। । শরীর স্বাভাবিক নিয়মে আবার সুস্থ ও ফিট হয়ে উঠবে বলেই মনে করেন এই অভিনেত্রী।
সন্তান আসার পর জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানান ক্যাটরিনা। এখন নিজের ক্যারিয়ার ও কাজের চেয়েও সন্তানকে সময় দেওয়া এবং তার দেখভাল করা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সৌন্দর্যের চেয়ে স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা, ধ্যান, সকালের মিষ্টি রোদে কিছু সময় কাটানো এবং ফোন থেকে বিরতি নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।


