logo

বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই

বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করা এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।

১৯৭৫ সালে র‍্যামসে ব্রাদার্সের একটি ভৌতিক ধারার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় মধু মালহোত্রার। সেই ছবির মাধ্যমেই শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। এরপর ধীরে ধীরে তিনি বলিউডের বিভিন্ন ছবিতে কাজ করার সুযোগ পান।

পরবর্তীতে শক্তি সামন্ত ও রমেশ সিপ্পির মতো খ্যাতনামা পরিচালকদের ছবিতেও অভিনয় করেন তিনি। বিশেষ করে ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি ছবিতে নিয়মিত দেখা গেছে তাকে।

সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ ছবির লম্বি জুদাই গানে তার পর্দায় উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে। যদিও তিনি বেশিরভাগ সময় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন, তবুও নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন।

ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন ও ঋষি কাপুরের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে। এ ছাড়া শ্রীদেবী, অনিল কাপুর, আমির খান ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’ ছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র। দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করে বলিউডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মধু মালহোত্রা।