নার্ভাস আলিয়া ভাটকে ‘নেপো কিড’ খোঁচা

অভিনেত্রী হিসেবে দুর্দান্ত হলেও সঞ্চালনায় নার্ভাসনেস কাজ করে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। আর এই নার্ভাসনেসের জন্য কটাক্ষের শিকার হতে হলো নেটপাড়ায়। কেউ কেউ তাকে ‘নেপো কিড’ তারকা বলেও খোঁচা দেন।
সম্প্রতি স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সঞ্চালনা করতে গিয়ে রীতিমতো নার্ভাস হয়ে পড়েন আলিয়া ভাট। পর্দায় দাপুটে অভিনেত্রী হলেও স্টেজে সরাসরি দর্শকের সামনে ছিলেন কিছুটা অগোছালো। ওই অনুষ্ঠানের মঞ্চে সুনীল গ্রোভার, জাকির খান, সৌরভ দ্বিবেদীরা দিব্যি দর্শকদের হাসালেন। তাই আলিয়ার নার্ভাসনেস নিয়ে উঠছে প্রশ্ন।
অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, ২০১৯ থেকে ২০২৬ কতটা বদলেছে সে কথা বোঝাতে একটি জোকস বলছেন আলিয়া। অভিনেত্রী বলেন, ‘২০১৯ সালে মোহিত সুরির ছবি দেখতে গিয়েছিলাম। আবার ২০২৬ সালেও আমি উনার সিনেমা দেখেছি (সাইয়ারা)।’ এ সময় অভিনেত্রীর শরীরী ভাষা থেকেই প্রকট হচ্ছিল অস্বস্তি। ক্যামেরার জুম আনু মালিকসহ অতিথিদের দিকে ফেরানো হলে পরিষ্কার বোঝা যাচ্ছিল, কেউই আলিয়ার সঞ্চালনা উপভোগ করছেন না। সূত্র: সংবাদ প্রতিদিন
ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় নেটিজেনদের ট্রোল। এক ভক্ত লেখেন, ‘এতগুলো সিনেমা করা হয়ে গিয়েছে, অথচ একটা স্টেজ সামলাতে পারছেন না! নেপো প্রোডাক্ট হলে যা হয়…?’ এ সময় সেই ভক্ত করণ জোহরকে উদ্দেশ করে বলেন, ‘এটা কী হচ্ছে করণ জোহর?’
নেটপাড়ায় ট্রোল হলেও অনেক ভক্ত ‘জিগরা’ তারকার পক্ষ নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এ বছরের শেষ দিকে সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে রণবীর কাপুর পত্নী আলিয়া ভাটকে।