ঢাকা-৮ আসন নিয়ে শবনম ফারিয়ার আক্ষেপ

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিপুন অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তবে আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি।
ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজের ভোটার এলাকা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে কষ্টের কথা প্রকাশ করেন তিনি। অবশ্য এই পোস্টটি ছিল একটি স্যাটায়ার।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, শান্তিনগরে ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে। আর আমি সেই আসনের ভোটার!
তার এই মন্তব্যকে অনেকেই ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। বিশেষ করে ঢাকা-৮ আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনি বাস্তবতা নিয়েই মূলত তিনি আক্ষেপ প্রকাশ করেছেন, এমনটাই মত দিচ্ছেন নেটিজেনরা।
স্ট্যাটাসে শান্তিনগরের যানজট প্রসঙ্গ টেনে এনে তিনি স্থানীয় নাগরিক জীবনের পরিচিত সমস্যার কথাও উল্লেখ করেন। তবে তার বক্তব্যের মূল ফোকাস ছিল ঢাকা-৮ আসন এবং সেখানে একজন ভোটার হিসেবে নিজের হতাশার জায়গাটি তুলে ধরা।
শবনম ফারিয়ার এই পোস্টে ইতোমধ্যে হাজারও লাইক ও কমেন্ট পড়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানতে চাচ্ছেন, ঢাকা-৮ আসনের কোন বিষয়টি তাকে এতটা কষ্ট দিচ্ছে।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।
