বিক্ষোভের মাঝেই হঠাৎ অসুস্থ শাবানা আজমি

ককরোচ জনতা পার্টির আন্দোলনে উত্তাল ভারতের বিভিন্ন শহর। এরই মধ্যে আন্দোলনে যোগ দিয়েছেন বলিউডের অনেক তারকা। যাদের মধ্যে উল্লেখযোগ্য প্রবীণ বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। ৭৫ বছর বয়সি এই অভিনেত্রীর অর্ধচেতন অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। খবর: বলিউড হাঙ্গামা
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, তীব্র অসুস্থ বোধ করায় উপস্থিত লোকজন শাবানা আজমিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের দ্রুত গেট খোলার আকুতি জানান। পরবর্তীতে গেট খুলে দিয়ে তাকে সিকিউরিটি কেবিনের পাশে নিয়ে বসানো হয় এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়।
জানা গেছে, সিজেপির অনশনরত নেতা অভিজিৎ দীপকসহ অন্যান্য আন্দোলনকারীদের সমর্থন জানাতে রবিবার থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অবস্থান করছিলেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবানা আজমি বলেন, ‘আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার বজায় রাখাই এর মূল উদ্দেশ্য।’
এ সময় বিক্ষোভ সমাবেশে অন্যান্য বলিউড তারকাদের অনুপস্থিতি নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি পালটা প্রশ্ন তুলে বলেন, ‘সবসময় কেবল চলচ্চিত্র জগতের মানুষের দিকেই কেন আঙুল তোলা হয়? শিল্পপতি বা ব্যবসায়ীদের নিয়ে তো কেউ প্রশ্ন তোলেন না! তারকাদের ওপর অতিরিক্ত নজর দিলে আন্দোলনের মূল উদ্দেশ্য বা ইস্যুগুলো আড়ালে পড়ে যায়।’
সিজেপি-র এই আন্দোলনে কেবল শাবানা আজমি নন—স্বরা ভাস্কর, প্রকাশ রাজের মতো তারাকারা সশরীরে এসে সংহতি প্রকাশ করেছেন।
.png)





