মিঠুন ও কোয়েলের রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত টালিপাড়া

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টালিউডের দুই মেগা তারকা মিঠুন চক্রবর্তী ও কোয়েল মল্লিকের উপস্থিতি আলোড়ন তুলেছে। ভোটের যুদ্ধ যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। ব্যতিক্রম নয় টালিপাড়াও। সিনেমা অঙ্গনের বেশ কিছু তারকা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।
পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দুটি দল তৃণমূল ও বিজেপি। উভয় দলেই রয়েছেন বিনোদন অঙ্গনের তারকার পদচারণা। মঙ্গলবার (১৪ এপ্রিল) মেদিনীপুরে সেই দুই দলের দুই তারকার উত্তপ্ত প্রচারে জন্ম দিয়েছে আলোচনার। শাসক দল তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সদ্য যোগ দিয়েই তৃণমূলের তারকা প্রচারক হয়ে গেছেন তিনি। বিনপুরে কোয়েলের উত্তপ্ত প্রচারের পরপরই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিরোধী প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী। তিনি নিজেও বিজেপির তারকা প্রার্থী।
বিনপুরে তৃণমূলের তারকা প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে রোড শো করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলটির নেতাকর্মী-সমর্থকরা। বিরোধী দলের ব্যাপক সমালোচনা করে ভোটারদের কাছে কোয়েল তৃণমূলকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
অন্যদিকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিশাল জনসভায় অংশ নেন মিঠুন চক্রবর্তী। সেখানে তাকে এক নজর দেখার জন্য শুরু হয় উন্মাদনা। হুডখোলা গাড়িতে উপস্থিত হলে চারদিকে ‘মহাগুরু’ রব ওঠে। শাসক দলের সমালোচনা করে মিঠুন দলের পক্ষে সবার কাছে ভোট চান।
শাসক দলের কোয়েল মল্লিকের বিপরীতে মিঠুন চক্রবর্তীকে প্রচারে নিয়ে এসে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল বিরোধী শিবির। আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন। সময় যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। একই সঙ্গে উত্তেজনা বইছে টালিপাড়ায়।