logo

পরীমনির প্রসঙ্গ টেনে প্রভা বললেন, আমাকেও ব্যাড টাচ করা হয়েছিল

পরীমনির প্রসঙ্গ টেনে প্রভা বললেন, আমাকেও ব্যাড টাচ করা হয়েছিল
সাদিয়া জাহান প্রভা। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, কোনো অভিযোগের সত্যতা বিবেচনা না করে শুধু পেশাগত পরিচয়ের কারণে কারও পক্ষ নেওয়া উচিত না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে গালিগালাজ করেন এই অভিনেত্রী। পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরীমনির আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। সাংবাদিকদের একাংশও তার আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

এমন পরিস্থিতিতে প্রভা নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরে তার সাক্ষাৎকার নিচ্ছিলেন। এ সময় একজন সাংবাদিক তার অনেক কাছে চলে আসেন। তিনি অস্বস্তি বোধ করে বারবার পেছনে সরে গেলেও ওই ব্যক্তি সামনে এগিয়ে আসছিলেন।

প্রভা বলেন, ওই পরিস্থিতিতে তিনি হাসিমুখে সাংবাদিককে অস্বস্তি বোধ করার বিষয়টি বলেন। এমনকি ব্যাড টাচ এড়াতে নিজের ফোন সামনে ধরে রাখেন। পরে আরেকজন সাংবাদিক এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রভা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনো সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই ঢালাওভাবে তার পক্ষ নেওয়া উচিত না। গণমাধ্যমকর্মীদের মধ্যেও দায়িত্বশীলতা ও পেশাদারত্ব থাকা জরুরি। পরীমনির অভিযোগ সত্যিও হতে পারে। তাই পুরো ঘটনা যাচাই না করে কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না।

ভিডিও বার্তায় পরীমনির ব্যক্তিগত জীবন ও সিঙ্গেল মাদার হিসেবে তার সংগ্রামের কথাও উল্লেখ করেন প্রভা। তিনি বলেন, একজন শিল্পীও সাধারণ মানুষের মতোই ব্যক্তিগত ও পারিবারিক নানা পরিস্থিতির মধ্য দিয়ে যান। তাই কোনো ঘটনা বিচার করার সময় তার অবস্থান ও বাস্তবতাও বিবেচনা করা প্রয়োজন।

প্রভা আরও বলেন, মিডিয়া পার্সন বলেই যে মেজাজ সবসময় কন্ট্রোলে থাকবে, এমনটা প্রত্যাশা করা ঠিক না। বরং প্রতিটি অভিযোগ ও ঘটনার নিরপেক্ষ মূল্যায়ন হওয়া উচিত।