টিউন তেহরিনের গল্পে তারকাবহুল নাটক ‘হ্যাপি ডিভোর্স’

রোজার ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নতুন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। এটি পরিচালনা করেছেন তপু খান। টিউন তেহরিনের গল্পে এতে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌকে।
তারকাবহুল এ নাটকের গল্প আবর্তিত হয়েছে এক দম্পতির সন্তান নেওয়াকে কেন্দ্র করে। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে জোভান ও কেয়া পায়েলকে। তাদের সংসার ঘিরে রয়েছে দুই পরিবারের চাপ, প্রত্যাশা ও আবেগ। জোভানের বাবা-মা নাতি-নাতনির মুখ দেখতে উদ্গ্রীব। অন্যদিকে কেয়ার পরিবারও বিষয়টি নিয়ে ভিন্নমাত্রার ভাবনা যোগ করে।
নির্মাতা তপু খান জানান, গত সপ্তাহেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে এটি ইউটিউবে ক্লাব ইলেভেন চ্যানেলে মুক্তি পাবে।
নাটকটি নিয়ে রচয়িতা টিউন তেহরিন বলেন, ‘হাস্যরস, পারিবারিক টানাপোড়েন এবং সমকালীন বাস্তবতার মিশেলে এগিয়েছে নাটকের কাহিনি। আমরা সমাজে একটি বার্তা দিতে এই গল্পটিকে বেছে নিয়েছি। আমার বিশ্বাস নাটকটি ভালো লাগবে দর্শকের।’
ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না বলেন, ‘‘আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রমী ভাবনায় পরিবার ও সমাজকে নাড়া দেয় তেমন কিছু নির্মাণ করতে। সেই ধারাবাহিকতায় ‘হ্যাপি ডিভোর্স’ নাটকটি এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছি। এর গল্প, সংলাপ ভালো লাগবে সবার। তপু খানের নির্মাণের মুনশিয়ানায় তারকাবহুল নাটকটি উপভোগ্য হবে বলেই প্রত্যাশা করছি।’’
নাটকটি নিয়ে জোভান বলেন, ‘আমি ও পায়েল এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। সন্তান নেওয়া নিয়ে পরিবার থেকে যে চাপ তৈরি হয়, সেটিই মূল বিষয়। হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতার গল্প তুলে ধরা হয়েছে। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক।’
কেয়া পায়েলের বলেন, ‘ঈদের নাটক হিসেবে এটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গল্পের ভাবনাটা ব্যতিক্রম। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’