logo

অভিনেতা সেন্টুর বাসায় ডাকাতির অভিযোগ

অভিনেতা সেন্টুর বাসায় ডাকাতির অভিযোগ

তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টুর রামপুরায় বাসায় দরজার তালা ভেঙে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুটিং থেকে ফিরে তিনি দেখেন বাসার তালা ভেঙে কে বা কারা সিনেমার ব্লুপ্রিন্টসহ অনেক কিছু নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টু। তিনি জানান, গত ২৫ জানুয়ারি শুটিংয়ে অংশ নিতে মানিকগঞ্জে যান। সেখান থেকে ৩০ জানুয়ারি দিবাগত রাতে বাসায় ফিরে এই ঘটনা দেখতে পান।  

এই ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেন্টু। যেখানে তিনি ৫০ লাখ টাকা মূল্যের সিনেমার ফুটেজসহ হার্ডড্রাইভ, ক্রেস্ট, মোবাইল ফোন, সিলিং ফ্যানসহ ঘরের বেশকিছু ব্যবহার্য ও মূল্যবান দ্রব্যাদি লুট করা হয়েছে বলে উল্লেখ করেছেন। 

থানায় লিখিত অভিযোগে তিনি বলেন, আমি বর্তমানে যে বাসায় থাকি ওখানে জানুয়ারি মাসের ভাড়া ১১ হাজার টাকা পরিশোধ করি এবং ১১ হাজার টাকা অগ্রিম সিকিউরিটি দিয়েছি। গত ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় আমি মানিকগঞ্জ শুটে চলে যাই। এরপর ৩০ জানুয়ারি দিবাগত রাত আড়াইটায় বাসায় ফিরি।

লিখিত ওই অভিযোগে সেন্টু আরও উল্লেখ করেন, তখন নিচ তলায় দারোয়ান আমাকে নিয়ে বাসায় গিয়ে তালা খুলে দিয়ে আসে এবং তালা নিয়ে আসে। তখন বাসায় প্রবেশ করে দেখি একটি ২ টেরাবাইট হার্ডড্রাইভ নেই, যেটাতে আমার একটি সিনেমার ফাইনাল ফুটেজ রাখা ছিল। ওই সিনেমা বানাতে খরচ হয়েছে ৫০ লাখ টাকা, সেই সঙ্গে নিয়েছে ভিবো মোবাইল, যার দাম ২৬ হাজার টাকা, সিলিং ফ্যান ৩ হাজার টাকা, গ্যাসের কার্ড, আমার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের বেস্ট রাইজিং স্টারসহ বেশকিছু জিনিসপত্র।

অভিনেতা আরও উল্লেখ করেন, ঘটনাটি জানার পর প্রশ্ন করলে দারোয়ানের ভাষ্য ছিল ২৫ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত ১৫-২০ জন লোক ঢুকে তালা ভেঙে জিনিস নিয়ে গেছে। আমি আসার আগেই পুলিশ এসে ভিডিও করে নিয়ে যায়। পরে যার কাছ থেকে বাসা নিয়েছি, তার কাছে যাওয়ার পর সে অস্বীকার করে এবং আমাকে মারতে আসে।