হায়দরাবাদে যশের সিনেমার প্রচারণায় গিয়ে আহত দুই শিক্ষার্থী

দক্ষিণী তারকা যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। ট্রেইলার মুক্তির পর থেকেই ছবিটি দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। আর মাত্র একদিন পরেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। কিন্তু তার আগেই হায়দরাবাদে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। খবর: এনডিটিভি।
গত ২২ আগস্ট সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে আহত হয়েছেন দুই শিক্ষার্থী। দর্শক-ভক্তদের ভিড়ের মধ্যে পড়েই এমন ঘটনার শিকার হয় তারা। এ ঘটনায় এরই মধ্যে সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যায়, মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে কথা বলার সময় একটি খুঁটির ওপর উঠে পড়েন যশ। মূলত দর্শকরা যেন স্পষ্টভাবে তাকে দেখতে পারেন, সে কারণেই সেখানে উঠেছিলেন অভিনেতা।
তবে কিছুক্ষণ পর খুঁটিটি ভিড়ের মধ্যে থাকা দুই তরুণের ওপর গিয়ে পড়ে। আর এতে আহত হয় ওই দুই শিক্ষার্থী। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও আহত শিক্ষার্থীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সিনেমার প্রচারণা অনুষ্ঠানে যশ ছাড়া আরও উপস্থিত ছিলেন কিয়ারা আদভানি, হুমা কুরেশী ও রুক্মিণী বসন্ত। তবে অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যশের।


