সব শিল্পীরাই আল্লাহকে ভয় পায়: নূতন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এক নাম চিত্রনায়িকা নূতন। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য অর্জন। সম্প্রতি সিনেমার গুণী এই মানুষটিকে ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ আজীবন সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারটি গ্রহণ করতে গিয়ে তিনি ইন্ডাস্ট্রি ও শিল্পীদের নিয়ে কথা বলেন। অনেকটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অনেকেই মনে করেন বা প্রশ্ন তোলেন শিল্পীদের ধর্মকর্ম নিয়ে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শিল্পীরাও মানুষ, তারাও আল্লাহকে ভয় পায়। অনেক শিল্পীই নিয়মিত নামাজ পড়েন। কিন্তু এই বিষয়টি তো প্রকাশ্যে বলার কিছু নেই, যার যার ইবাদত তার মতো করে পালন করাই তো নিয়ম। গোপন ইবাদতে সৃষ্টিকর্তা আরও বেশি খুশি হন। তাই শিল্পীদের সব বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা ঠিক না।’
এ সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের স্ট্রাগল নিয়েও কথা বলেন তিনি। নূতন বলেন, ‘এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আজকের অবস্থানে আসার পেছনে অনেক স্ট্রাগল আছে আমার। পরিবার, সিনেমা ও ব্যক্তিজীবন—এসব কিছু একসঙ্গে মেইনটেইন করা সহজ নয়। যারা এর ভেতর দিয়ে গিয়েছেন, শুধুই তারাই এই যুদ্ধের কথা জানেন। ইন্ডাস্ট্রি থেকে অনেক সময়, অনেক বিষয়ে কষ্ট পেয়েছি। কিন্তু কখনো সিনেমা ছেড়ে যাইনি। আমি জানি এটাই আমার শেষ ঠিকানা। তাই আল্লাহর কাছে একটাই চাওয়া, মৃত্যুর আগ অব্দি অভিনয় এবং চলচ্চিত্রের সঙ্গে থাকতে চাই।’
এদিন চিত্রনায়িকা নূতন ছাড়াও নৃত্যশিল্পী মুনমুন আহমেদকে নৃত্যে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়।