ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহর চমক

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় নিয়ে আবারও হাজির হচ্ছে নতুন চমক। আজ সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পাবে সিরিজটির বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের উত্তেজনা ও হাস্যরস দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার গল্পে যোগ হচ্ছে নতুন মাত্রা। নতুন চ্যাপ্টারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর রাফসান ও সুনেরাহ। বিশেষ উপস্থিতির মাধ্যমে তারা যুক্ত হচ্ছেন ব্যাচেলরদের চিরচেনা হাস্যকর ও বিশৃঙ্খল জীবনের সঙ্গে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন এই অধ্যায়ে দর্শকরা পাবেন ভিন্নধর্মী কিছু ঘটনা, অপ্রত্যাশিত মোড় এবং জমজমাট বিনোদনের স্বাদ। বিশেষ অতিথিদের অংশগ্রহণ গল্পে নতুন রসদ যোগ করবে বলেও আশা করা হচ্ছে।
অসুস্থতা কাটিয়ে ফিরে এসে ‘চ্যাপ্টার ১৩’-এর মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন কাজল আরেফিন অমি। দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসার পরিপ্রেক্ষিতেই দ্রুত সময়ের মধ্যে নতুন পর্ব নিয়ে হাজির হয়েছেন তিনি।
আজ সন্ধ্যা ৭টা থেকে বঙ্গ-তে দেখা যাবে ‘চ্যাপ্টার ১৪’-এর মোট আটটি নতুন পর্ব, যার মধ্যে রয়েছে ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব।


