logo

অস্কারের মঞ্চ আলোকিত করবেন প্রিয়াঙ্কা

অস্কারের মঞ্চ আলোকিত করবেন প্রিয়াঙ্কা

বলিউড ও হলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বিনোদন জগতের সেরা পুরস্কার অস্কারের উপস্থাপকদের তালিকায় যোগ দিচ্ছেন। ২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে মঞ্চ আলো করে দাঁড়াবেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে হলিউডের অনেক বড় তারকার পাশেই দেখা যাবে বলিউড অভিনেত্রীকে। এবারের অস্কারের উপস্থাপকদের তালিকায় নাম রয়েছে রবার্ট ডাউনি জুনিয়র, গিনেথ প্যালট্রো ও অ্যান হ্যাথাওয়ের মতো কিংবদন্তিদের।

এর আগে ২০১৬ সালে অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিল তাকে। তবে শুধু প্রিয়াঙ্কা নন, ২০২৩ সালে অস্কারের মঞ্চে উপস্থাপনা করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়–কোনকেও। এ ছাড়াও প্রিয়াঙ্কা ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এবং ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’-এরও উপস্থাপনা করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েনের সার্বিক পরিচালনায় আয়োজিত বিনোদন জগতের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ১৫ মার্চ এবিসিতে সরাসরি সম্প্রচারিত হবে।

প্রিয়াঙ্কা চোপড়াকে সম্প্রতি ‘দ্য ব্লাফ’ সিনেমায় দেখা গেছে। যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ‘দ্য বয়েজ’ খ্যাত কার্ল আরবান। অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কার এই সাফল্য কেবল তার ব্যক্তিগত নয়; বরং বিশ্ব চলচ্চিত্রে ভারতীয়দের ক্রমবর্ধমান দাপটের এক অনন্য নিদর্শন। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী।