কোন এলাকার ভোটার শখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণ করা হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে এদিন।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীরা জোরেশোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত সব জায়গায় বিরাজ করছে নির্বাচনি আমেজ। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। নির্বাচককে কেন্দ্র করে তাদের মাঝেও দেখা যাচ্ছে উৎসবের আমেজ। তারাও চাচ্ছেন প্রত্যাশা অনুযায়ী যেন প্রার্থী নির্বাচিত হয়।
মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। আসন্ন নির্বাচনকে ঘিরে তিনিও বেশ আশাবাদী সুন্দর এক আগামী নিয়ে।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শখ জানান, তিনি গ্যান্ডারিয়ার ভোটার।
কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান বা সমর্থন দিতে চান জানতে চাইলে উত্তর দিতে নারাজ শখ।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে ২০০২ সালে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় শখের যাত্রা শুরু। বহু নাটকে অভিনয় করেছেন শখ। তবে দুটি সিনেমায় অভিনয়েও দেখা গেছে তাকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রয়াত এমবি মানিকের পরিচালনায় ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
ক্যারিয়ারে যখন জোয়ার, সে সময় ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেন শখ। কিন্তু সে সংসার টেকেনি। পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সেই বিষাদ কাটিয়ে নিলয় অভিনয়ে নিয়মিত হলেও ভাটা পড়ে শখের ক্যারিয়ারে। ২০১৮ সালে ‘ডি ২০’ ধারাবাহিকে কাজ করার সময় থেকে তিনি অভিনয়ে অমনোযাগী হয়ে পড়েন। কাজ ছেড়ে চলে যান আড়ালে। এরপর ২০২০ সালের ১২ মে গাজীপুরের ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। এখন ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন। ব্যস্ত সময় কাটছে তার নতুন নতুন কাজ নিয়ে।