সাবিলা নূরের কড়া জবাব

সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজ তারকাদের নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা নতুন নয়। তবে নির্বাচন সামনে রেখে তারকাদের নিয়ে ভুয়া তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ঠিক এমনই এক পরিস্থিতির মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তাকে জড়িয়ে সম্প্রতি একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে একটি রাজনৈতিক দলের পক্ষে তার নাম উল্লেখ করে মন্তব্য যুক্ত করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই।
সাবিলা নূর রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্পষ্ট ভাষায় বলেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যদি কখনো কোনো বিষয়ে আমার বক্তব্য থাকে, তা কেবল মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।
সাবিলা নূর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে জানান, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাবিলা নূর বলেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক শিল্পীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় ভালোবাসা বা আবেগ থেকে এসব করা হলেও, বাস্তবে তা বিভ্রান্তি ও ভুল বার্তা ছড়ায়, যা মোটেও কাম্য নয়।
ভক্তদের সচেতন থাকার আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও বলেন, আমার দর্শকরা সবসময় সচেতন ছিলেন। ভবিষ্যতেও তারা যেন বিভ্রান্তিকর তথ্য যাচাই করা ছাড়া বিশ্বাস না করেন, এ অনুরোধই রইল।