প্রেমিকের মা হলেন ভারতীয় এই অভিনেত্রী

বিনোদন ভুবনে নায়ক-নায়িকাদের পর্দায় যে কত কিছুই করতে হয়। মাঝেমধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়, যা দর্শকদের অবাক করে দেয়। তেমনটাই ঘটল টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল রায়ের ক্ষেত্রে। এবার তিনি হাজির হয়েছেন ৪২ বছর বয়সী রাহুল বন্দ্যোপাধায়ের মায়ের ভূমিকায়।
এর আগে বেশ কিছু সিনেমা-নাটকে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন টলিপাড়ার এ দুই তারকা। বয়সে অনেক বড় অভিনেতাকে পর্দায় ছেলে বলে ডাকতে হবে দেখে কিন্তু মোটেও বিব্রত নন পায়েল। তিনি এটিকে প্রফেশনালিজমের মধ্যেই রেখেছেন। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’র দ্বিতীয় পর্বে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে পায়েলকে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, রাহুল-পায়েল জুটি এর আগে ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে চুটিয়ে প্রেম করেছিলেন। এ ছাড়াও অভিনেত্রীর প্রথম সিনেমা ‘বালুকাবেলা ডট কম’-এও রাহুল ছিলেন পায়েলের প্রেমিক। সেখানেও তাদের রসায়ন বেশ প্রশংসিত হয়েছিল। সেই রসায়ন ভেঙে এবার তারা মুখোমুখি সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতায়।
হঠাৎ করে ভূমিকা বদল প্রসঙ্গে পায়েল বলেন, ‘প্রকৃত শিল্পী সব সময় চ্যালেঞ্জিং চরিত্রের খোঁজে থাকেন। ভালো কাজের জন্য একজন অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত।’
পায়েলের সাহসী এই সিদ্ধান্তকে প্রশংসায় ভাসাচ্ছেন তার সহকর্মীরা। আগের রোমান্টিক জুটি থেকে এখন মা-ছেলের জুটি—এ নিয়ে তুমুল আলোচনা ইন্ডাস্ট্রিতে।