Advertisement

রবীন্দ্র সরোবরে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’ পালন

এশিয়া পোস্ট বিনোদন
রবীন্দ্র সরোবরে  ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’  পালন
রবীন্দ্র সরোবরে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’ ।

হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’ পালিত হয়েছে। শনিবার বিকেলে নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করে বর্ষা মঙ্গল পরিষদ।

আয়োজকরা জানান, বাংলাদেশের বর্ষাকালের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে আকর্ষণীয়ভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতে পহেলা বৈশাখের মতো ‘বর্ষা মঙ্গল উৎসব’কেও একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বর্ষা মঙ্গল পরিষদের মতে, বর্তমান সময়ে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাওয়া এবং দেশীয় সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের আগ্রাসনের প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। তাদের বিশ্বাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

উৎসবজুড়ে বাংলাদেশের বর্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়। আয়োজনের অংশ হিসেবে ছিল বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।