logo

র‌্যাম্পের রিবা এবার নাচে সরব

র‌্যাম্পের রিবা এবার নাচে সরব

জনপ্রিয় র‌্যাম্প মডেল সাবরিনা জামান রিবা। বাংলাদেশের ফ্যাশন দুনিয়ায় অতি পরিচিত একটি নাম। র‌্যাম্পে ভিন্নধর্মী আয়োজন মানেই রিবার ঝলমলে উপস্থিতি। দীর্ঘ ক্যারিয়ারে র‌্যাম্পকেই সঙ্গী করে সফল হয়েছেন এই তারকা। অভিনয়, উপস্থাপনা থেকে শুরু করে ভিন্ন মাধ্যমে কাজের নিয়মিত প্রস্তাব পেলেও র‌্যাম্পকেই ভালোবেসে এগিয়ে গেছেন বছরের পর বছর। 

তবে এবারের প্রস্তাব আর ফেরাতে পারেননি রিবা। কারণ, এবারের প্রস্তাবটি ছিল তার ছোটবেলার প্রিয় বিষয় নাচ। ছোটবেলায় নাচের প্রতি আগ্রহ ছিল তার। সেই ধারাবাহিকতায় কিছুদিন নাচের ক্লাসে ভর্তিও হয়েছিলেন। যদিও মায়ের আগ্রহে সে সময় পেইন্টিং এবং পড়ালেখায় মনোযোগী হতে হয়েছিল তাকে।

র‌্যাম্প শোতে হাঁটার প্রয়োজনেই মাঝে মধ্যেই অল্প বিস্তরে নাচতে হয়েছে রিবাকে। কিন্তু সেটা ছিল খুবই অল্প বিস্তর। এবার নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করার প্রস্তাব পাওয়ামাত্রই লুফে নিলেন জনপ্রিয় এই র‌্যাম্প তারকা। নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করে প্রশংসাও কুড়িয়েছেন সবার থেকে। তাই তো রিবা এখন নাচ নিয়ে আত্মবিশ্বাসী।

নৃত্যশিল্পী হিসেবে এখন থেকে কিছু করার আগ্রহ তার প্রবল। র‌্যাম্প মডেলিংয়ের পাশাপাশি সুযোগ পেলে নাচেও নিয়মিত কাজ করতে চান এই মডেল। গত ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তিতে বিকেল ৫টায় যাত্রাবিরতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ক্যারিয়ারে প্রথমবার পূর্ণাঙ্গভাবে নাচে পারফর্ম করেন রিবা।

এমন একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উচ্ছ্বসিত কণ্ঠে রিবা বলেন, আমার ক্যারিয়ারের শুরু ২০১০ সালে। তখন থেকেই আমার বন্ধু মারিয়া ফারিহ্‌ উপমা। ওর হাত ধরেই সেসময় একটা নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। রতন স্যার কোরিওগ্রাফি করেছিলেন। তখন উপমা ও আসাদ সহকারী হিসেবে কাজ করেছিল। এ বছর থেকেই উপমা নাচের একটি প্রতিষ্ঠান করেছেন।

এটার নাম ‘উপমায়া ড্যান্স একাডেমি’। এটার প্রথম সিজন শেষে দ্বিতীয় সিজনে আমি ওখানে জয়েন করি। বিগত তিন মাস ১২টি ক্লাস শেষ করেছি, যা ছিল মাত্র ১২ ঘণ্টার। এই ১২ ঘণ্টায় ক্লাস করে নাচের ওপর বেসিক যে জ্ঞান নিয়েছি সেটা আমাকে মুগ্ধ করেছে। এরপর উপমা একটি শো করার কথা আমাদের বললেন। এটা শুনে আমি অনেক আগ্রহ প্রকাশ করি।

তিনি আরও বলেন, আমার মনে হয়েছে এটা আমার জন্য অনেক সুন্দর সুযোগ। আমরা যেখানে নিয়মিত ক্লাস করতাম সেখানেই অনুষ্ঠানটি হয়। রিহার্সেলও মাত্র দুই-তিন দিনের ছিল। এত কম সময়ে আমরা ভীষণ সুন্দর একটি কোরিওগ্রাফি উপমার কাছ থেকে পাই।

bigStoryContent

আমাদের দেশীয় লোকজ সংস্কৃতি, চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখের আমেজে ভরত নাট্যম, ক্লাসিক্যাল এবং ফোকের কম্বিনেশনে খুব সুন্দর একটি পারফর্ম করি।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো ডান্স পারফর্ম করে ভীষণ ভালো লেগেছে। একেবারেই নতুনভাবে আমাকে দর্শক দেখেছে। কারণ, এর আগে আমি র‌্যাম্পে কোরিওগ্রাফির প্রয়োজনে নাচ করেছি। কিন্তু এবার ভরত নাট্যম, ক্লাসিক্যাল এবং ফোকের মিশেলে এমন একটি কাজ করতে পেরে আমি আনন্দিত। ছোটবেলায় আমার নাচের প্রতি যে ভালোবাসা ছিল সেটা কিছুটা হলেও দেখাতে পেরে খুব ভালো লাগছে। উপমাকে অনেক বেশি ধন্যবাদ। আমাকে নাচের জন্য এভাবে উৎসাহী করার জন্য।

ভবিষ্যতে নাচ নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে রিবা বলেন, র‌্যাম্পে নিয়মিত কাজ করছি। এবার যেহেতু নাচটা শুরু করলাম এখন থেকেই নিয়মিত কাজ করতে চাই। কারণ, নাচটা করতে আমার বেশ আনন্দ লাগে। আর আনন্দ নিয়ে যে কোনো কাজ করতে পারলে সেটা ভালো কিছু হয়।