সালমানের দেহরক্ষী দিলেন চাঞ্চল্যকর তথ্য

সেদিন মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড ভাইজান সালমান খানের বাড়িতে হামলা মামলার ঘটনায় নিয়েছে নতুন মোড়। বহুল আলোচিত ওই মামলার শুনানিতে রাজসাক্ষী হলেন বলিউড তারকার দেহরক্ষী। আদালতে তিনি দিলেন চাঞ্চল্যকর তথ্য। ওই হামলা সরাসরি সালমান খানকে হত্যা করার উদ্দেশ্যেই চালানো হয়েছিল বলে জানান তিনি।
২০২৪ সালের ১৪ এপ্রিল ভোররাতে মুম্বাইয়ে সালমান খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালায় দুই বন্দুকধারী। সে সময় অভিনেতা বাড়িতেই ছিলেন। সালমানের সঙ্গে শত্রুতার জেরে লরেন্স বিষ্ণোই ও অনমোল বিষ্ণোই এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করে। সে ঘটনায় দায়ের মামলায় রাজসাক্ষী হিসেবে সালমানের দেহরক্ষী আদালতে উপস্থিত হয়ে স্পষ্ট জানান, হামলাটি ভয় দেখানোর জন্য নয়, সালমানকে প্রাণনাশের জন্যই চালানো হয়ছিল।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমানের দেহরক্ষী প্রথম সাক্ষী হিসেবে মামলায় হাজিরা দেন। আদালতকে তিনি জানান, অভিনেতাকে হত্যার উদ্দেশ্যে হামলাটি করা হয়েছিল বলে একশো পারসেন্ট নিশ্চিত। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও সিসিটিভি ফুটেজ দেখে একশো শতাংশ নিশ্চিত হয়ে যান।
দেহরক্ষী আরও জানান, মোটরসাইকেলে আসা হামলাকারীরা চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।