ভক্তের ভালোবাসায় লজ্জায় লাল বলিউড বাদশাহ

এশিয়া পোস্ট বিনোদন
ভক্তের ভালোবাসায় লজ্জায় লাল বলিউড বাদশাহ
শাহরুখ খান।

পর্দায় তার ম্যাজিক যেমন কোটি ভক্তকে বুঁদ করে রাখে, তেমনই পর্দার বাইরে তার চমৎকার ব্যক্তিত্ব আর রসবোধ বারবার মুগ্ধ করে সবাইকে। তিনি বলিউড বাদশা শাহরুখ খান। প্রিয় তারকাকে একনজর দেখতে বা তার সঙ্গে একটু কথা বলতে ভক্তরা কত কিছুই না করেন। ভারতের মেঙ্গালুরুতে (পূর্বনাম ম্যাঙ্গালোর) সম্প্রতি আয়োজিত একটি অনুষ্ঠানে তেমনই এক নারী ভক্তের মন্তব্য এবং শাহরুখের প্রতিক্রিয়া এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। খবর: ইন্ডিয়া টুডে

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে নিজের জনপ্রিয় কিছু গানের সঙ্গে কোমর দুলিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। তবে আসল চমক অপেক্ষা করছিল প্রশ্নোত্তর পর্বে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ এক নারী ভক্ত মাইক্রোফোন হাতে শাহরুখকে উদ্দেশ করে সরাসরি বলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান।

এমন আকস্মিক ও খোলামেলা ভালোবাসার প্রকাশ শুনে প্রথমে খানিকটা অপ্রস্তুত ও লজ্জিত হয়ে পড়েন বলিউড বাদশা। তবে নিজের চিরচেনা রসবোধ দিয়ে মুহূর্তেই সামলে নেন পরিস্থিতি। মুখে চওড়া হাসি নিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ‘এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!’ তার এই জবাবে অনুষ্ঠানস্থলে হাসির রোল ওঠে।

শাহরুখ খান।
শাহরুখ খান।

অবশ্য কেবল মজাই করেননি, পরক্ষণেই ভক্তের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত মার্জিতভাবে শাহরুখ যোগ করেন, ‘আমি জানি, এটা কথার কথা। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত, আপনার স্বামীও আপনার এই আবেগটুকু বোঝেন। আসলে আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকে ভালোবাসি, আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন কিং খান।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ভক্তদের এত ভালোবাসা পাওয়ার পরও কাজের প্রতি শাহরুখের আগ্রহ একটুও কমেনি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ -এর শুটিং নিয়ে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান।
‘কিং’ সিনেমায় শাহরুখ খান।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। এর আগে ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হলেও, বাবার সঙ্গে রুপালি পর্দায় সুহানার জুটি দেখতে মুখিয়ে আছেন দর্শক।