Advertisement

ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায়

এশিয়া পোস্ট ডেস্ক
ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায়
সঞ্জয় দেব। ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এবং যুক্তরাষ্ট্রের মায়ামি, আটলান্টা ও হিউস্টনের ফিফা ফ্যান ফেস্টে সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব।

Advertisement

এবারের বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’-এর পরিবেশনা দিয়ে বিশ্বমঞ্চ মাতানোর পর ঢাকা আসছেন তিনি। ১৮ জুলাই (শনিবার) তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক পার্কে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ফুটবল উৎসব ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’।

এই উৎসবের সমাপনী দিন অর্থাৎ ১৯ জুলাই মঞ্চে থাকবেন সঞ্জয়। বড় পর্দায় সেমিফাইনাল ও ফাইনাল খেলা সরাসরি দেখানোর পাশাপাশি এই উৎসবে থাকছে লাইভ কনসার্ট ও ডিজে পারফরম্যান্স। গতকাল থেকে ১৯ জুলাই প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চলছে এ উৎসব।

উৎসবের উদ্বোধনী দিনে বড় পর্দায় দেখানো হয় ফ্রান্স বনাম স্পেন-এর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই দিনে দর্শকদের সামনে মঞ্চ মাতান ফিরোজ জং ও ডিজে সুমন।

আজ রাত একটায় বড় পর্দায় দেখানো হবে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচ। এদিন মঞ্চ মাতাবেন র‍্যাপার ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। (টিকিট: ৫০০ টাকা)

১৬ থেকে ১৮ জুলাই তিন দিনে দর্শকদের সামনে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকা, মিলা ইসলাম এবং ডিজে সানি। (টিকিট: ৩০০ টাকা)

১৯ জুলাই উৎসবের শেষ ও সবচেয়ে আকর্ষণীয় দিন। এদিন মঞ্চ মাতাবেন সঞ্জয় ও ডিজে জাদু। (টিকিট: ৭০০ টাকা)

উৎসবের অগ্রিম টিকিট মিলছে‘টিকিট টুমোরো’ ওয়েবসাইটে