কেন জন্মদিন পালন করতেন না ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’

ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। সিনেদুনিয়ায় সবার কাছে ‘মিয়া ভাই’ খ্যাত প্রয়াত এই কিংবদন্তির আজ জন্মদিন। তবে আজকের এই দিনে তিনি কখনও জন্মদিন উদ্যাপন করতেন না।
জানা গেছে, ১৯৭৫ সালের পর থেকে আর এই দিনটি উদ্যাপন করতেন না অভিনেতা। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। জীবিত অবস্থায় এই দলের হয়েই রাজনীতি করেছেন ফারুক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু। ওই নৃশংস ঘটনার পর আর কখনও ১৮ আগস্ট নিজের জন্মদিন উদ্যাপন করেননি অভিনেতা।
১৯৪৮ সালের ১৮ আগস্ট গাজীপুরে জন্ম নেন ফারুক। ছাত্রজীবনেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন অভিনেতা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। দেশ স্বাধীনের পর দেশের সাংস্কৃতিক বিকাশে মনোযোগ দেন ফারুক।
একই বছর মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘জলছবি’। এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘লাঠিয়াল’, ‘জীবন সংসার’, ‘দোস্তী’, ‘ঝিনুক মালা’, ‘সারেং বৌ’সহ বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র প্রযোজনা, ব্যবসার পাশাপাশি পুরোদস্তুর রাজনীতিবিদও ছিলেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকেই ‘লাঠিয়াল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফারুক। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় তাকে। ২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই তারকা।


