সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, অল্পের জন্য রক্ষা

ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে খবরটি নিজেই ভক্তদের জানিয়েছেন এই অভিনেত্রী।
লাইভ ভিডিও বার্তায় তিশা জানান, শ্রীমঙ্গলে শুটিং শেষ করে একটি প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন তিনি ও তার টিমের সদস্যরা। পথিমধ্যে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পরপরই পিছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের গাড়িটিতে সজোরে ধাক্কা দেয়।
ভয়াবহ এই আঘাতে তিশাদের বহনকারী গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো বড় ধরনের শারীরিক ক্ষতি ছাড়াই অলৌকিকভাবে বেঁচে যান তারা। দুর্ঘটনার পরপরই তাদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ঘাতক পিকআপটিকে আটক করতে সক্ষম হন।
তবে চালক পিকআপটি রাস্তায় ফেলেই চাবি নিয়ে দ্রুত সটকে পড়েন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ভিডিওর শেষভাগে স্বস্তির নিঃশ্বাস ফেলে অভিনেত্রী বলেন, ‘ধাক্কাটি সত্যি খুব মারাত্মক ছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার টিমের প্রতিটি সদস্য এত বড় বিপদের হাত থেকেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছি।’



