দেশের সেবা করতে বিএনপিতে অভিনেত্রী চমক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় একের পর এক তারকা যুক্ত হওয়ার ধারাবাহিকতায় তিনিও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। কুষ্টিয়া-৪ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের জন্য তিনি এই মনোনয়নপত্র নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী আজমান নাসির।
শুক্রবার থেকে বিএনপি সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে। এদিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তিনি জানান, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে নারীদের উন্নয়ন নিয়ে কাজ করতে একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রয়োজন বলে মনে করেন তিনি।
চমক জানান, বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ থাকবে বলে তিনি আশাবাদী। সাক্ষাৎকার বোর্ডে তাকে দলকে সার্ভ করার আগ্রহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তার মূল লক্ষ্য দেশকে সেবা করা।
এদিকে, সাক্ষাৎকারের আগে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন যাত্রার ইঙ্গিত দেন চমক। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব।’
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন চমক। নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।