logo

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী, কি হয়েছিল এ অভিনেতার

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী, কি হয়েছিল এ অভিনেতার
মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন কিংবদন্তি অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সফল অস্ত্রোপচার শেষে শনিবার (৮ আগস্ট) কলকাতার পিয়ারলেস হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হঠাৎ এই বর্ষীয়ান অভিনেতার হাসপাতালে ভর্তির খবরে ভক্তদের মনে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে এক দুর্ঘটনায় পড়ে মিঠুন চক্রবর্তীর ডান হাতে চিড় ধরেছিল। তখন বেঙ্গালুরুর একটি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি সেই পুরোনো চোটের জায়গায় নতুন করে তীব্র যন্ত্রণা শুরু হলে তাকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার অস্থিরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার হাতে পুনরায় অস্ত্রোপচার করে একটি প্লেট বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অভিনেতাকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিঠুনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরে কেবিনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগেও তাদের মধ্যে সুসম্পর্কের নানা নিদর্শন দেখা গেছে; মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি মিঠুন চক্রবর্তীর প্রতি বিশেষ শ্রদ্ধা ও সৌহার্দ্য প্রকাশ করেছিলেন।

অন্যদিকে, মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিনেতা দেব অধিকারীও। সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেব লেখেন, ‘মিঠুন চক্রবর্তীকে বাবার মতো করেই দেখে এসেছি। তার আরোগ্য কামনার পাশাপাশি তিনি যা চান, সেই ইচ্ছে যেন পূরণ হয়।’

চিকিৎসকদের পরামর্শে আপাতত কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকবেন এই মহাতারকা।