logo
Advertisement

খালেদা জিয়ার সাজে চমক, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
খালেদা জিয়ার সাজে চমক, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী
সাবেক প্রধানমন্ত্রী বেগ্ম খালেদা জিয়ার লুকে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: অভিনেত্রীর ফেসবুকে থেকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে ব্যাপক আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানের জীবনী ও রাজনৈতিক অবদান তুলে ধরেছেন তিনি, এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বটি প্রকাশ করেন চমক।

‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।

ঢাকার জিয়া উদ্যান ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়; যা বেগম খালেদা জিয়ার পরিচিত উপস্থিতি ও অবয়বকে মনে করিয়ে দেয়।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই চমকের নিখুঁত সাজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন, ‘পুরো খালেদা জিয়ার মতোই লাগছে।’ অন্য একজন মন্তব্য করেন, ‘এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করল।’ ভিডিওটি দেখে আবার অনেকেই মুহূর্তের জন্য মনে করেছেন যে তারা সত্যিই বেগম খালেদা জিয়াকে দেখছেন।

এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনার জন্ম দিয়েছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথা জানান।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন রুকাইয়া জাহান চমক। তিন বছরের বিরতি শেষে ২০২০ সালে অভিনয়ে নিয়মিত হন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় সব নাটক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়েই দর্শকদের মন জয় করেন। বর্তমানে অভিনয় ও ভ্লগিং—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।