ইতিহাস-ঐতিহ্য ও মানবিক গল্প নিয়ে জামালপুরে ‘ইত্যাদি’র নতুন পর্ব

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প-সাহিত্য ও মানুষের জীবনযাত্রার নানা দিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে তুলে ধরেন হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবার জামালপুরে ধারণ করা হয়েছে ‘ইত্যাদি’র নতুন পর্ব।
মেঘালয়ঘেঁষা প্রকৃতির আবহে সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে বসে এবারের আয়োজন। সবুজ বনানী, পাহাড় আর নৈসর্গিক লেকঘেরা এই স্থানের উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় অনুষ্ঠানের মূল মঞ্চ। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয় মঞ্চটি।
এবারের পর্বে থাকছে দুটি গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। ‘ইত্যাদি’র মাধ্যমেই টেলিভিশন পর্দায় তাদের পরিচিতি তৈরি হয়েছিল। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
জামালপুরকে নিয়ে থাকছে নিয়মিত জেলা পরিচিতিমূলক নৃত্যগীতও। এতে কণ্ঠ দিয়েছেন জামালপুরেরই সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় এতে স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশন করা হয়। মঞ্চে নাচ-গানের এই আয়োজন উপস্থিত দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে।
অনুষ্ঠানের দর্শকপর্বেও থাকছে ভিন্ন আয়োজন। জামালপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত করা হয় চারজনকে। দ্বিতীয় পর্বে তারা জামালপুরের চারজন স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন।
এবারের ‘ইত্যাদি’তে জামালপুরের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি উঠে আসছে জেলার মানুষের জীবনসংগ্রামের নানা গল্প। জেলার অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’ নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি জামালপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ নিয়েও থাকছে তথ্যভিত্তিক প্রতিবেদন।
দেশের অন্যতম প্রাচীন ও বড় ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে ব্যতিক্রমী আয়োজন। নদীভাঙনে ঘরবাড়ি হারানো পরিবার এবং অভাবের কারণে বাল্যবিবাহের শিকার পরিবারগুলোর জীবন নিয়েও তুলে ধরা হয়েছে মানবিক গল্প।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রামের গল্পও থাকছে এবারের পর্বে। তাদের লড়াই ও ঘুরে দাঁড়ানোর গল্পটি দর্শকদের জন্য অনুপ্রেরণার হতে পারে।
এদিকে বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে চীনের সুঝৌ শহর। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গড়ে ওঠা শহরটির নানা দিক তুলে ধরা হয়েছে বিশেষ এই চিত্রায়নে।
এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। নিয়মিত ‘চিঠিপত্র’ পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে থাকছে একাধিক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা।
বরাবরের মতো এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’র নতুন পর্বটি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।