মা হলেন সোহিনী সরকার
এশিয়া পোস্ট বিনোদন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের কোলজুড়ে এসেছে নতুন অতিথি। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই প্রথমবার মা হলেন এই অভিনেত্রী।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সোহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নেন এ অভিনেত্রী।
পোস্টে সোহিনী লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’ পোস্টে দেখা যায় একটি সদ্যজাত শিশুর পায়ের ছাপ। ছবিটির ঠিক নিচে লেখা সোহিনী ও শোভন এর নাম।
২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। চলতি বছরের জুনে মা হওয়ার খবর ছড়িয়ে পড়লেও শুরুর দিকে এ নিয়ে তারা ছিলেন নীরব। তবে সব জল্পনা সত্যি করে অবশেষে তাদের কোলজুড়ে এলো প্রথম সন্তান।