প্রকাশ্যে মনিরা মিঠুর ছেলেকে মারধর

জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু।
একটি গাড়ির ছবি শেয়ার করে মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুজন।
অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নম্বর প্রকাশ করে জানিয়েছেন যে, গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫।’
অভিনেত্রী জানিয়েছেন, তার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার পুরো দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে মনিরা আক্তার মিঠু এশিয়া পোস্টকে বলেন, আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।
মনিরা আক্তার মিঠু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে যেমন দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন, পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে এ অভিনেত্রী টেলিভিশন ও ইউটিউবের বিভিন্ন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’-এ নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।