মুক্তির তৃতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

মুক্তির প্রথম দিনে বক্স অফিস কাঁপালেও দ্বিতীয় দিন থেকেই যেন ধসের মুখে পড়েছে রকিংস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আফেয়ারি টেলস ফর গ্রোন আপস’। ক্রমাগত আয় কমার পাশাপাশি মুক্তির তৃতীয় দিনেই প্রেক্ষাগৃহ দর্শকশূন্য থাকায় রীতিমতো মুখ থুবরে পড়েছে সিনেমাটি।
২৬ আগস্ট মুক্তি পাওয়া বিতর্কিত এই সিনেমাটি প্রথম দিনে বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপি আয় করে ধুরন্ধরের প্রথম কিস্তির রেকর্ড ভেঙেছিল। কিন্তু সেই দাপট আর ধরে রাখতে পারলো না। দ্বিতীয় দিনে সিনেমাটির আয় কমে দাঁড়িয়েছে প্রায় ৬৪ শতাংশ। অর্থাৎ ৩৬ কোটি ৪০ লাখ রুপি।
কিন্তু তৃতীয় দিনেই যেন খেল বড় ধাক্কা। জানা গেছে, ভারতের নয়ডার এক খ্যাতনামা প্রেক্ষাগৃহে এ দিন সকাল ৯টার শোতে একজন দর্শকও ছিলেন না। ৩০০ আসনের প্রেক্ষাগৃহে এর পরের শোতেও টিকেট বিক্রি হয়েছে মাত্র ৫টি।
জানা গেছে, মুক্তির তৃতীয় দিনে ভারতে ১৯ হাজার ৪১৩টি শোতে সিনেমাটির সার্বিক আসন পূর্ণ হওয়ার হার ছিল মাত্র ২৬ দশমিক ৬ শতাংশ। প্রথম দুই দিন শুধু ভারতে এর মোট আয় দাঁড়িয়েছে ১৩৭ কোটি ৫০ লাখ রুপি।
গীতু মোহনদাস পরিচালিত টক্সিকের টিজার ও ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই বেশ আলোচিত-সমালোচিত ছিল সিনেমাটি। এমনকি অশ্লীল, অতিরিক্ত সহিংসতা ও আপত্তিকর দৃশ্যের কারণে এর বিরুদ্ধে কর্ণাটক রাজ্য মহিলা কমিশনেও একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। টক্সিক মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দর্শকমহলে।
সূত্র: হিন্দুস্তান টাইমস


