আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা জানাল পুলিশ

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি এরই মধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান।
তিনি জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে পল্লবী থানায় ফোন আসে। এরপর ঘটনাস্থলে আমাদের থানা থেকে পুলিশ গিয়েছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি জাহের আলভী নামের এক অভিনেতার স্ত্রী আত্মহত্যা করছেন।
স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে অভিনেতা আলভী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
এরপর শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের উদ্দেশে আলভী লিখেন,‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।