বারবার হিন্দু নারী বিয়ে করায় আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

প্রাক্তন স্ত্রীদের সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করায় আলোচনার জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। শুধু কি দুই প্রাক্তন স্ত্রী, বিয়ের আসরে হাজির ছিলেন তার তিন সন্তানও। সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চর্চিত হলেও, সেই রেশ এখনও কাটেনি। এতেই তার বিরুদ্ধে রাজপথে নেমেছেন একদল কট্টরপন্থি মানুষ।
সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয় বিয়ে সম্পন্ন করেন অভিনেতা আমির খান। তবে কেন বারবার তিনি হিন্দু নারীকে বিয়ে করছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিহার রাজ্যের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা। রাজ্যের ফোর্বসগঞ্জে রীতিমতো তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা।
কেরালা রাজ্যের মালয়ালাম ভাষায় প্রকাশিত সংবাদমাধ্যম ‘মাতৃভূমি’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষোভকারীরা এই বলিউড তারকার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে তার কুশপুত্তলিকা দাহ করেছেন এবং অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা আমির খানের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভ চলাকালে বজরং দলের স্থানীয় নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে হিন্দু সমাজকে অপমান করছেন।
তিনি দাবি করেন, হিন্দু সম্প্রদায়কে দুর্বল করার লক্ষ্যে এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। অভিনেতা যদি এই ধরনের কার্যকলাপ বন্ধ না করেন, তবে তাকে ‘শিক্ষা দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন এই হিন্দুত্ববাদী নেতা।
আদালত ও সরকারের কাছে আমিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে মনোজ সোনি প্রশ্ন তোলেন, ‘তিনি মুসলিম সম্প্রদায়ের নারীদের পরিবর্তে কেন শুধু হিন্দু নারীদের বিয়ে করছেন? তিনি হিন্দু নারীকে বিয়ে করেন অথচ সন্তানদের নাম রাখেন তৈমুর, আফরোজ বা সালমান। এটা কেমন নিয়ম?’
আমির খানের বিয়ে ও গৌরী স্প্র্যাট
ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন।
২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিচ্ছেদ হলেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পেশাগত যৌথ কাজ বজায় রেখেছেন। সম্প্রতি মুম্বাইয়ের বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির।
প্রতিবেদন অনুসারে, নবপরিণিতা গৌরী স্প্র্যাটের মা তামিল ও বাবা আইরিশ বংশোদ্ভূত। তার দাদা ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গৌরী লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফিতে ডিগ্রি নিয়েছেন এবং একজন পেশাদার হেয়ারড্রেসার হিসেবে কাজ করেছেন। ছয় বছর বয়সি এক সন্তানের মা গৌরী বর্তমানে ‘আমির খান ফিল্মস’ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।





