Advertisement

নীরব থেকে তোপের মুখে সোনু নিগম

এশিয়া পোস্ট বিনোদন
নীরব থেকে তোপের মুখে সোনু নিগম

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের বিক্ষোভে নীরব ভূমিকা পালন করায় তোপের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। দিল্লিতে আন্দোলনের ইস্যুতে কোনো মন্তব্য না করায় নেটদুনিয়ায় তার ওপর ক্ষোভ ঝাড়ছেন সাধারণ মানুষ ও নেটিজেনরা।

চলমান এই আন্দোলনের পক্ষে বিরোধী দলগুলো যেমন সরব, তেমনি একের পর এক বলিউড তারকাও শিক্ষার্থীদের সমর্থনে মুখ খুলছেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সোনু নিগমের কাছে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে জানতে চান শিক্ষানবিস সাংবাদিকরা। সে সময় তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে সরাসরি অস্বীকার করেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাংবাদিকরা তাকে চলমান বিতর্ক ও আন্দোলন নিয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সোনু বলেন, তিনি এখানে এই বিষয়ে কথা বলতে আসেননি। বারবার একই প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত হয়ে তিনি বলেন, ‘আর না।’

এরপরও যখন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার অবস্থান জানতে চাওয়া হয়, তখন কিছুটা ক্ষিপ্ত হয়ে এই গায়ক উত্তর দেন, ‘আমি এখানে কেন? এটুকুই।’ একই প্রশ্ন দ্বিতীয়বার করা হলে তিনি আবারও বিরক্তি প্রকাশ করে সংক্ষেপে বলেন, ‘এটুকুই।’

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়। ভারতের সামাজিক সচেতনতামূলক এই আন্দোলনের মুখে শিল্পীদের দায়িত্বহীন আচরণ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছেন নেটিজেনরা।