logo

কিংবদন্তির কাতারে টেইলর সুইফট

কিংবদন্তির কাতারে টেইলর সুইফট

বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী নাম টেইলর সুইফট। গায়কী দক্ষতার পাশাপাশি নিজের গানের কথা নিজেই লেখার কারণে এবার তিনি জায়গা করে নিলেন সংগীত ইতিহাসের কিংবদন্তিদের তালিকায়। মাত্র ৩৬ বছর বয়সে ‘সংরাইটার্স হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়ে ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মান অর্জন করছেন মার্কিন এই পপ তারকা। খবর পিপল ডটকমের

সংরাইটার্স হল অব ফেম কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টেইলর সুইফটকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

এবারের তালিকায় টেইলরের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিংবদন্তি রক ব্যান্ড কিসের সদস্য পল স্ট্যানলি ও জিন সিমন্স।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংরাইটার্স হল অব ফেমে স্থান পেতে হলে একজন গীতিকারকে অন্তত ২০ বছর ধরে গান প্রকাশের অভিজ্ঞতা এবং কালজয়ী সৃষ্টির স্বীকৃতি অর্জন করতে হয়। সেই মানদণ্ড বহু আগেই পূরণ করেছেন টেইলর সুইফট। ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে ১৪টি গ্র্যামি পুরস্কার জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ সম্মান।

বিলবোর্ডের তথ্য অনুযায়ী, তার সাম্প্রতিক অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল আধুনিক সংগীত ইতিহাসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে। এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ড চার্টের শীর্ষে অবস্থান করে।

এ ছাড়া ২০২৫ সালের মে মাসে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজের ক্যারিয়ারের প্রথম ছয়টি অ্যালবামসহ সব মাস্টার রেকর্ডিংয়ের পূর্ণ মালিকানা ফিরে পাওয়ার ঘোষণা দেন তিনি। এর পাশাপাশি তার রেকর্ডভাঙা ‘ইরাস ট্যুর’, সেই ট্যুরভিত্তিক কনসার্ট ফিল্ম এবং ডিজনি প্লাসে মুক্তি পাওয়া ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।