logo
Advertisement

‘আমি কেন চলচ্চিত্রকে পাপ বলব’

এশিয়া পোস্ট বিনোদন
‘আমি কেন চলচ্চিত্রকে পাপ বলব’
ছবি: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি মন্তব্য ঘিরে তোলপাড় অন্তর্জাল থেকে সিনেপাড়া। সামাজিক মাধ্যমে ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন— সব পাপ ধুয়ে মুছে ফেলতে চাই। জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান অভিনেত্রী। এরপরই তোপের মুখে পড়েন পপি।

Advertisement

এদিকে এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সরব হন শোবিজের অনেক তারকাই। সরাসরি পপির নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে তার সামলোচনা করেছেন। কেউ বা আবার তার নামও প্রকাশ করেই স্ট্যাটাস দিয়েছেন। এদিকে এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চিত্রনায়কা জানান, কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখিনি। বরং ফিল্মই আমার জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা। ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এ ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন চলচ্চিত্রকে পাপ বলব?

তিনি আরও জানান, একটি ব্যক্তিগত প্রসঙ্গে পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য উজাড় করে দিয়েছি, সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেই কথাগুলোকে সামাজিক মাধ্যমে ভিন্নভাবে ছড়িয়ে অপমান করা হয়েছে আমাকে।

পপির ভাষ্য, একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার ও ত্যাগকে সম্মান করা সবার দায়িত্ব। প্রায় তিন দশক চলচ্চিত্রে কাজ করেছেন এবং ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষের অবদান তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। যতদিন তিনি বেঁচে থাকবেন, চলচ্চিত্রের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক পপির। দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে বিয়ে করে সংসারি হওয়ার পাশাপাশি এক পুত্রসন্তানের মা হয়েছেন পপি। নিয়মিত নামাজ-রোজা পালনের পাশাপাশি শান্তিপূর্ণ পারিবারিক জীবনেই সময় দিচ্ছেন নায়িকা।