বড়দিনে মুখোমুখি শাহরুখ-নাগার্জুনা

ভারতের সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও নাগার্জুনা। একজন বলিউডের বাদশা, অন্যজন দক্ষিণের সুপার হিরো। এবার আসছে বড় দিনে মুখোমুখি হবেন তারা। এ দিন মুক্তি পাচ্ছে নাগার্জুনার ১০০তম সিনেমা ‘কিং ১০০’, অন্যটি শাহরুখের ‘কিং’।
জানা গেছে, বড় দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং ১০০’। নাগার্জুনার ৬৭তম জন্মদিন উপলক্ষে সিনেমার প্রথম ঝলক ও নাম প্রকাশ করেছে অন্নপূর্ণা স্টুডিওস। দীর্ঘ ২৮ বছর পর এই সিনেমায় জুটি বেঁধেছেন নাগার্জুন ও টাবু। এটি নির্মাণ করেছেন আর এ কার্তিক।
অন্যদিকে একই দিনে মুক্তি পাবে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমা বানিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এতে বলিউড বাদশাহর সঙ্গে পর্দা মাতাবেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকেও।
বোঝাই যাচ্ছে, বড়দিনের ছুটিতে জনপ্রিয় দুই তারকার সিনেমার মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক। এখন এটাই দেখার পালা বক্স অফিসে কতটা ঝড় তোলেন দুই ইন্ডাস্ট্রির দুই সুপার হিরো।
সূত্র: ইন্ডিয়া টুডে


