প্রকাশ্যে ‘দেশু ৭’-এর টিজার
এশিয়া পোস্ট বিনোদন

অবশেষে প্রকাশ্যে এসেছে টালিউডের জনপ্রিয় তারকা জুটি দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার। পুরো টিজারজুড়ে একদম ভিন্ন আমেজে নজর কেড়েছেন তারা।
প্রেম-ভালোবাসা, মারকাটারি অ্যাকশনে দেবকে কয়েদির পোশাকে দেখে ধারণা করা হচ্ছে, রোমান্স ও থ্রিলারের পাশাপাশি এতে উঠে আসবে প্রতিশোধের গল্পও।
টিজারটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে দেব লেখেন, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না। বছরের পর বছর দূরত্ব। প্রকাশ না পাওয়া সব আবেগ। অমীমাংসিত যত লড়াই। এখন, আমরা আবার ফিরে এসেছি—একসাথে, ঠিক আগের চেয়েও ভিন্ন আমেজে।’
‘দেশু ৭’-এ অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন দেব। রোমান্টিক থ্রিলার ঘরানায় সাজানো হয়েছে সিনেমার গল্প। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।


