প্রথমবার একসঙ্গে সজল-ভাবনা

সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা ‘যাযাবর’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। এটি নির্মাণ করবেন তানবীর হাসান। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা।
চলতি মাসের শেষের দিকে শুরু হবে ‘যাযাবর’ সিনেমার দৃশ্যধারণের কাজ। নাটক-টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করলেও সিনেমায় এবারই প্রথম জুটি হয়ে পর্দা মাতাবেন সজল-ভাবনা। সিনেমায় রোমান্সের পাশাপাশি ভরপুর ভায়োলেন্স ও সাসপেন্সও থাকবে।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, সিনেমার গল্পটি দারুণ। প্রথমবার ভাবনার সঙ্গে জুটি বেঁধে সিনেমায় কাজ করছি। আশা করছি, ঠিকভাবে নির্মাণ করতে পারলে দর্শকদেরও ভালো লাগবে।
শুটিংয়ের পরিকল্পনা জানিয়ে তানবীর হাসান বলেন, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। একটানা সিনেমাটির ৮০ থেকে ৯০ শতাংশ শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর কিছুদিন বিরতি দিয়ে শেষ অংশের দৃশ্যধারণ করা হবে বলে জানান নির্মাতা।
সিনেমায় সজল ও ভাবনা ছাড়া আরও অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ অনেকেই।


