আকাশ সেনের সঙ্গে ঈদে আসছে শুভার্থীর নতুন গান

সংগীতশিল্পী শ্যামলী ইসলাম শুভার্থী আসন্ন কোরবানি ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। কলকাতার জনপ্রিয় গায়ক আকাশ সেনের সঙ্গে তার গাওয়া একটি রোমান্টিক ডুয়েট গান প্রকাশ পেতে যাচ্ছে।
চুয়াডাঙ্গার এই তরুণ গায়িকা শুরু থেকেই দেশীয় সুর-সংগীতে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে পরিচিতি পেয়েছেন। পেশাদার সংগীতজীবন শুরু করার কথা ছিল কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের হাত ধরে। তবে গানটির কাজ শুরুর আগেই তার মৃত্যু হওয়ায় সেই উদ্যোগটি আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে সংগীত পরিচালক বাসুদেব ঘোষের সঙ্গে একটি গান করলেও তার মৃত্যুর কারণে সেটিও প্রকাশ পায়নি।
ক্যারিয়ারের শুরুতে এমন বাধার মুখে পড়ে হতাশ হয়ে পড়লেও মায়ের উৎসাহে নতুন করে ঘুরে দাঁড়ান শুভার্থী। তার মা মাহিরা বেগমের কাছেই সংগীতে হাতেখড়ি তার। পরে নিজের লেখা ও সুরে ‘একটি ফাগুন হাওয়ায় ভালোবাসার কথা বলে যায়’ শিরোনামের একটি চলচ্চিত্রের গান দিয়ে নতুনভাবে পথচলা শুরু করেন তিনি।
বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে শুভার্থীর গাওয়া দুই ডজনেরও বেশি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো—‘আমার বাংলাদেশ’, ‘ইতিহাস’, ‘এই মন জানে’, ‘সুখ নামের ময়না পাখি’, ‘প্রেমের সানাই’, ‘পিপাসা লাগেরে’, ‘যখন পানি খাইতে যায়’, ‘প্রেমের জ্বালা বুকে ধরে’, ‘মিছে আসা’, ‘চইল্যা গেছো ভুইল্যা গেছো’, ‘তুমি আমার মন বুঝলা না’, ‘নিজের স্বার্থ’ এবং ‘মন থাকে না ঘরে লো সই’।
গত রোজার ঈদে তার গাওয়া ‘আইসো বন্ধু বাড়িতে’ শিরোনামের একটি মডার্ন ফোক গান কিবরিয়া ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটি শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে বলে জানিয়েছেন এই শিল্পী।
শুভার্থী জানান, আসন্ন ঈদে প্রকাশিত হতে যাওয়া নতুন গানটির শিরোনাম ‘বাঁচতে চাই আমি তোর হয়ে’। গানটির কথা ও সুর করেছেন আবিদ রনি। কিবরিয়া ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।
নতুন গান প্রসঙ্গে শুভার্থী বলেন, ‘আমার বিশ্বাস, এটি দারুণ একটি গান হবে। শ্রোতাদের ভালো লাগবে এবং আমার সংগীত ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।’
সংগীতচর্চার পাশাপাশি একাডেমিক জীবনেও সমানভাবে এগিয়েছেন এই গায়িকা। চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে বর্তমানে ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ভবিষ্যতে ব্যারিস্টারি পড়ারও ইচ্ছা রয়েছে তার।