অভিনেত্রী প্রত্যুষার আত্মহত্যা: ১০ বছর পর লিভ-ইনে থাকা প্রেমিকের মুক্তি

দীর্ঘ ১০ বছর পর ‘বালিকা বধূ’খ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার মামলায় রায় দিয়েছেন বম্বে হাইকোর্ট। মামলায় প্রত্যুষার প্রেমিক ও লিভ-ইন সঙ্গী রাহুল রাজ সিংকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি শিবকুমার দিঘের বেঞ্চ রাহুলের দায়মুক্তির আবেদন মঞ্জুর করেন। আত্মহত্যার আগে প্রত্যুষা ও রাহুলের মধ্যে হওয়া শেষ কথোপকথন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।
২০১৬ সালের ১ এপ্রিল মুম্বাইয়ের নিজ ফ্ল্যাট থেকে ২৪ বছর বয়সি প্রত্যুষাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাহুল তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হয়।
প্রত্যুষার মৃত্যুর পর তার বাবা-মা পুলিশের কাছে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের দাবি ছিল, রাহুল প্রত্যুষাকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে নির্যাতন করতেন। তার হয়রানি ও নির্যাতনের কারণেই প্রত্যুষা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
এই অভিযোগের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, হেনস্তা ও ভয় দেখানোর মতো অভিযোগে মামলা করা হয়।
পরবর্তী সময়ে ডিনডোশি দায়রা আদালত রাহুলের দায়মুক্তির আবেদন খারিজ করে দেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। আদালত তখন মন্তব্য করেছিলেন, মানুষের আচরণ অত্যন্ত জটিল বিষয়। তাই প্রতিটি ঘটনা তার নিজস্ব তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ও মৃত ব্যক্তির আচরণ এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে- এমন পারিপার্শ্বিক বিষয়ও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে আবেদন করেন রাহুল।
আদালতে রাহুলের আইনজীবী আবাদ পোন্ডা ও শ্রেয়াংশ মিথারে যুক্তি দেন, প্রত্যুষার মৃত্যুর আগে তার সঙ্গে রাহুলের শেষ কথোপকথনই মামলার গুরুত্বপূর্ণ দিক। ওই কথোপকথনে রাহুলকে প্রত্যুষাকে আত্মহত্যার মতো কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করতে শোনা যায়। এমনকি প্রত্যুষাকে আশ্বস্ত করে তার সঙ্গে দেখা করতে আসছেন বলেও জানান রাহুল।
অন্যদিকে ওই কথোপকথনে প্রত্যুষাকে তার বাবা-মাসহ আশপাশের কয়েকজনকে দায়ী করতে শোনা যায়। নিজের বর্তমান পরিস্থিতির জন্য তাদের দায়ী করছিলেন অভিনেত্রী।
রাহুল ও প্রত্যুষা দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ২০১৬ সালেই প্রত্যুষার মৃত্যুর ঘটনায় এই একই শেষ কথোপকথনকে বিবেচনায় নিয়ে বম্বে হাইকোর্ট রাহুলকে আগাম জামিন দিয়েছিল।
প্রত্যুষা ব্যানার্জি মাত্র ২৪ বছর বয়সেই মারা যান। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যু সে সময় ভারতীয় টেলিভিশন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ এক দশক ধরে চলা আইনি প্রক্রিয়ার পর এবার মামলায় রাহুলের বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে অব্যাহতির পথ খুলে গেল।
সূত্র: ইন্ডিয়া টুডে