মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

ক্যারিয়ারে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নাটকে ব্যস্ত সময় পার করেছেন তিনি। অভিনয়ে প্রশংসার পাশাপাশি প্রভার ব্যক্তিগত জীবন নিয়েও কম সমালোচনা হয়নি। বর্তমানে শোবিজে খুব একটা নিয়মিত না হলেও সামাজিকমাধ্যমে সরব অভিনেত্রী।
প্রায়ই জীবনের সুন্দর মুহূর্ত ও নানা অনুভূতির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন প্রভা। সেই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রভা। সেখানে জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেছেন তিনি।
প্রভা লিখেছেন, ভালোবাসার মূল্য কখনোই আপনার মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক স্বাস্থ্য খোয়ানোর বিনিময়ে হতে পারে না। যারা শুধু নিজের প্রয়োজনেই পাশে আসে, তারা আপনার উপকারে না আসলেও নিঃশেষ করে দেয়। আবার পরিবারের এমন কেউ থাকেন, যারা সীমা লঙ্ঘন করেন, আবার কেউ আছেন পাশে থাকার পরেও আপনাকে একাকী অনুভব করান।
অভিনেত্রী আরও লেখেন, জীবন থেকে সবকিছু সরিয়ে নেওয়া মানেই নির্মমতা নয়, বরং সাহসিকতার পরিচয়। মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়াটা জরুরি। অনেকে ভাবতে পারে যে মানুষটি বদলে গেছে, কিন্তু তারা এটা বোঝে না কাউকে জীবন থেকে ছেঁটে ফেলা হচ্ছে না, শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোরই সিদ্ধান্ত এটি।
প্রভার ভাষ্য, যে পরিবেশ আপনার মানসিক পরিসরকে সংকুচিত করে, সেখানে কখনও বেড়ে ওঠা যায় না। তাই সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়, এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ। মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রকাশ।


