Advertisement

ক্যানসারে মারা গেলেন ‘গজনি’ সিনেমার ভিলেন

এশিয়া পোস্ট ডেস্ক
ক্যানসারে মারা গেলেন ‘গজনি’ সিনেমার ভিলেন
অভিনেতা প্রদীপ রাওয়াত। ছবি: সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর পাড়ি জমালেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা প্রদীপ রাওয়াত। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সি এই প্রবীণ শিল্পী। তার মৃত্যুর খবর ভারতের বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার।

Advertisement

পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে প্রদীপ রাওয়াতকে প্রথমে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিন দশকের দীর্ঘ কেরিয়ারে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় বহু স্মরণীয় চরিত্রে কাজ করেছেন প্রদীপ রাওয়াত। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার পথচলা শুরু হয়। তবে তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় ২০০৫ সালের তামিল ব্লকবাস্টার সিনেমা ‘গজনি’র খলনায়কের চরিত্রটি। পরবর্তীতে ২০০৮ সালে আমির খানের বিপরীতে একই সিনেমার হিন্দি রিমেকেও অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

আমির খানের কালজয়ী সিনেমা ‘লগান’ এবং ‘সরফরোশ’-এও তার অভিনয় নজর কেড়েছিল। এ ছাড়া ‘দ্য হিরো’, ‘স্টালিন’, ‘সররাইনোডু’ ও ‘নেনে রাজু নেনে মন্ত্রী’সহ দক্ষিণী ও হিন্দি ইন্ডাস্ট্রির অসংখ্য হিট সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

শুধু সিনেমাই নয়, নব্বইয়ের দশকে বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করে ছোট পর্দাতেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন সহকর্মী, পরিচালক ও ভক্ত-অনুরাগীরা।

সূত্র: এনডিটিভি