logo
Advertisement

‘নারী ও শিল্পীদের প্রতি মানুষের নিষ্ঠুরতা সত্যিই ভাবায়’ : পিয়া জান্নাতুল

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
‘নারী ও শিল্পীদের প্রতি মানুষের নিষ্ঠুরতা সত্যিই ভাবায়’ : পিয়া জান্নাতুল
পিয়া জান্নাতুল। ছবি: ফেসবুক থেকে

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও হামলার ঘটনায় যখন প্রতিবাদে সরব দেশের বিনোদন অঙ্গন, তখন এ বিষয়ে নিজের উদ্বেগ ও হতাশার কথা জানালেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করলেও তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও নিষ্ঠুরতার বিষয়টি উঠে এসেছে।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’

শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরে অবস্থান করলেও মানুষের মানসিকতা যে সবসময় বদলায় না- সেই বিষয়টিও তুলে ধরেছেন পিয়া। তিনি লিখেছেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না।’

তার মতে, একটি সমাজের প্রকৃত উন্নতি শুধু অবকাঠামো কিংবা জীবনযাত্রার পরিবর্তনে নয়; বরং মানুষের পারস্পরিক আচরণ, সম্মানবোধ ও মানবিকতার মধ্যেই এর প্রকৃত প্রতিফলন ঘটে। পিয়ার ভাষায়, ‘আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই।’

তবে মানুষের এই মানবিক গুণাবলির জায়গাতেই ধীরে ধীরে অবনতি ঘটছে বলে মনে করেন তিনি। পোস্টের শেষাংশে পিয়া লিখেছেন, ‘দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’

পিয়ার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকা অবস্থায় বাঁধন হেনস্তার শিকার হন বলে জানা গেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে তর্কে জড়াতে এবং তাকে বিভিন্ন ধরনের কটূক্তি করতে দেখা যায়। তারা নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেয় বলেও ভিডিওতে শোনা যায়। পরে ফেসবুক লাইভে এসে বাঁধন দাবি করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা এবং মারধরের পাশাপাশি তার মোবাইল ফোন ফেলে দেওয়ার কথাও জানান তিনি।

ঘটনার পর বাঁধন এ ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় থাকার কারণে বাঁধনকে ঘিরে রাজনৈতিক বিরোধের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা প্রতিবাদ জানাচ্ছেন। নারী ও শিল্পীদের নিরাপত্তা, সম্মান এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্নও তুলছেন অনেকে। সেই আবহেই পিয়া জান্নাতুলের বক্তব্য সামনে এনে দিল মানুষের মানবিকতা ও পারস্পরিক সম্মানবোধের বিষয়টি।