জয়ার বাগানে সবজির বাহার

অভিনয়, বিজ্ঞাপন কিংবা মডেলিং—সব জায়গাতেই দুত্যি ছড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু পর্দায় নয়, কৃষিকাজেও বেশ আগ্রহ রয়েছে তার। অভিনেত্রীর সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার আভাস পাওয়া যায়।

নিজের হাতে বাহারি সবজির বাগান গড়ে তুলেছেন জয়া। সেখানে সবজির পাশাপাশি ফল ও ফুলের ছোঁয়াও রয়েছে। সোমবার ফেসবুকে সবজি হাতে নিজের কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে তিনি লিখেছেন, বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম, ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাবো, একটু ফিউশন ধরনের হবে।

ছবিগুলোতে দেখা যায়, পেঁপে, কলার মোচা, ওল কচু, ঝিঙেসহ নানা ধরনের সবজি। সামাজিক মাধ্যমে জয়ার শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। এর আগেও বহুবার কৃষি কাজের ছবি-ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পর্দায় অভিনয়ের পাশাপাশি সবজি বাগানের দক্ষতা দিয়েও দর্শকমহলে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া।


