logo

স্ত্রীর জানাজায় আসেননি আলভী, নানাবাড়িতে শায়িত হলেন ইকরা

স্ত্রীর জানাজায় আসেননি আলভী, নানাবাড়িতে শায়িত হলেন ইকরা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার জানাজা সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের ভালুকায় নানাবাড়িতে আজ ইফতারের আগে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ের চাচা বিপু খান। তিনি জানান, ইকরার বাবা তার শ্বশুরবাড়ি এলাকায় বাড়ি করায় তাকে সেখানেই দাফন করা হয়।

বিপু খান আরও জানান, ইকরার জানাজায় আলভীর পরিবারের কেউ উপস্থিত ছিলেন না এবং তার স্বামী অভিনেতা আলভীও উপস্থিত ছিলেন না।

এদিকে স্ত্রীর আত্মহত্যার ঘটনায় জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান।

তিনি জানান, শুধু আলভী নয়, মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।